ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি পডকাস্টে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়, কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে সাবেক অধিনায়ক বলেন, “আসলে আমি এ নিয়ে বিশেষভাবে ভাবিনি। কারণ গত কয়েক বছর ধরে ভিন্ন ভিন্ন ভূমিকায় ব্যস্ত সময় পার করেছি।২০১৩ সালে খেলা ছেড়েছি। এরপর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন এসব চিন্তা করার সময়ই ছিল না। এখন আমার বয়স ৫০, তাই বলব—আমি কোচিংয়ের জন্য তৈরি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”
ক্যারিয়ারের শেষদিকে তিনি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও রেখেছেন শক্ত উপস্থিতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নিয়ে নিয়েছেন একাধিক বড় সিদ্ধান্ত। এরপর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত ছিলেন টিম ডিরেক্টর হিসেবে।
তবে রাজনৈতিক অঙ্গনে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন, সেই পথে আগ্রহ নেই তার। সৌরভ বলেন, “আমি রাজনীতিতে যাব কি না—এমন গুঞ্জন আগে বহুবার উঠেছে। কিন্তু আমি বলছি, এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই।”
সৌরভ গাঙ্গুলির সম্ভাব্য কোচ হওয়ার ইঙ্গিত এমন সময় এলো, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড কোচিং প্যানেলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং মাঠে-মাঠের বাইরে দীর্ঘ কাজের অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এনে দিয়েছে তাকে।

মতামত দিন