খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরছেন সাকিব।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ক্রিকেটে এক সময়ের অবিচ্ছেদ্য নাম সাকিব আল হাসান, বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে কিছুটা অনিশ্চয়তায় থাকলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনো অটুট। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা থাকলেও, টি-টেন ফরম্যাটের জনপ্রিয় টুর্নামেন্ট ম্যাক্স৬০-তে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে।

আগামী ১৬ জুলাই শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান অঞ্চলের কেইম্যান আইল্যান্ডে আয়োজিত ম্যাক্স৬০ লিগের দ্বিতীয় আসরে খেলবেন সাকিব। আয়োজকরা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করলেও, এখনও জানানো হয়নি তিনি কোন দলের জার্সি পরবেন।

গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন সাকিব। এরপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে নিষেধাজ্ঞায় পড়েন। টানা দুই দফা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার বোলিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের বোলিংয়ে ফেরার অনুমতি পান তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে ফেরেন মাঠে। সেই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় তার দল। এবার ফোকাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের টুর্নামেন্টে।

টি-টেন ফরম্যাটের এই আসরে সাকিব ছাড়াও অংশ নিচ্ছেন দাউঈদ মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। টুর্নামেন্ট চলবে ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত। গত আসরে শিরোপা জিতেছিল ক্যারিবিয়ান টাইগার্স।

জাতীয় দলের জার্সিতে সাকিবের ভবিষ্যৎ যেমনই হোক না কেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দক্ষতা ও অভিজ্ঞতার কদর যে এখনও বহাল, তা আবারও প্রমাণ করলেন এই বিশ্বজয়ী অলরাউন্ডার।

মতামত দিন