এশিয়া কাপে আর্চারির রিকার্ভ এককে স্বর্ণজয় করলেন বাংলাদেশের আলিফ।
নিজস্ব প্রতিবেদক:
আর্চারির আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশ।সিঙ্গাপুরে আয়োজিত এশিয়া কাপের রিকার্ভ পুরুষ এককে নজরকাড়া পারফরম্যান্সে স্বর্ণপদক জিতেছেন আব্দুর রহমান আলিফ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জাপানি আর্চার মিয়াতা গাকুতোকে হারিয়ে দেশের জন্য এই গৌরব বয়ে আনেন তিনি।
প্রতিযোগিতার প্রথম দুই সেটে আক্রমণাত্মক ছন্দে এগিয়ে যান আলিফ।তবে জাপানের প্রতিপক্ষ ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে দেন। শেষ সেটে আলিফ নিজের স্নায়ু চাপ সামলে ২৯-২৬ পয়েন্টে জয় নিশ্চিত করেন।
আলিফের এটি প্রথম আন্তর্জাতিক একক সোনা। এর আগে বেশ কয়েকবার অংশ নিয়েও পদকের স্বাদ পাননি তিনি। এই অর্জন তাই শুধুই ব্যক্তিগত নয়, বরং দেশের আর্চারি ইতিহাসেও তাৎপর্যপূর্ণ।
পদক জয়ের পর আলিফ জানান, “এই জয় শুধু আমার নয়—বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাসের প্রতীক।” ক্রীড়া মহলে ধারণা, এই অর্জন দেশের আর্চারি খাতে নতুন গতি সঞ্চার করবে।
মতামত দিন