খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

যুদ্ধের উত্তাপে বিশ্ব যখন উত্তাল,শান্তির বার্তা ছড়ালেন রোনালদো।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েল ও ইরানকে ঘিরে যখন মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা, ঠিক তখনই ব্যতিক্রমী এক বার্তায় বিশ্ববাসীর সামনে শান্তির প্রতীক হয়ে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘Playing for Peace’—এই বার্তা লেখা একটি পর্তুগালের জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

ঘটনাটি ঘটেছে কানাডার আলবার্টায় চলমান জি-৭ সম্মেলনের ফাঁকে। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে বসেন ট্রাম্প। কস্তা নিজে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এবং রোনালদোর ঘনিষ্ঠ, তিনিই ট্রাম্পের হাতে তুলে দেন বার্তাবাহী জার্সিটি।

রোনালদোর এই মানবিক পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে। যখন বিশ্বজুড়ে হুমকির মুখে মানবিকতা ও  শান্তির আশা, তখন তার মতো একজন ক্রীড়াবিদের এমন বার্তা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প পরে তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন,"ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি শিগগিরই আসছে। অনেক আলোচনা, ফোনকল এবং পরিকল্পনা চলছে।" বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে রোনালদোর উপহার যেন সেই প্রচেষ্টাকেই আরও মানবিক ছোঁয়া দিল।

বর্তমানে সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলা রোনালদো শোনা যাচ্ছে নিজের চুক্তি নবায়নের প্রস্তুতিও নিচ্ছেন। যদিও তাকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি ফিরিয়ে দিয়েছেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই খেলোয়াড় এর আগে পর্তুগালের নেতৃত্বে নেশনস লিগসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছেন। এবার মাঠের বাইরে থেকেই আলোচনায় এলেন—এইবার কেবল গোল নয়, লক্ষ্য তার শান্তি।

বিশ্বের কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনায় সেই একটি বাক্য: “Playing for Peace”— যা এক জার্সির ভাঁজে রয়ে গেল ইতিহাসের সাক্ষী হয়ে।

মতামত দিন