খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের আগে মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১৭ জুন, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের প্রস্তুতি নিয়ে যখন দুই দলই ব্যস্ত, তখন জ্বরে আক্রান্ত হয়ে অনুশীলন মিস করেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এতে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রথম দিনের অনুশীলনে অংশ না নেওয়ায় মিরাজের শারীরিক অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, মিরাজের অবস্থা আগের দিনের চেয়ে উন্নতি করেছে এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। “ওষুধ নেওয়ার পর তার জ্বর কিছুটা কমেছে। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে কালকের অনুশীলনে ফিরবে,” বলেন কোচ।

মিরাজের না খেলতে পারার সম্ভাবনাকে শুধু সমস্যা হিসেবে না দেখে, এটিকে সম্ভাবনা হিসেবেই দেখছেন সিমন্স। তার মতে, "একজন খেলোয়াড় অনুপস্থিত থাকলে আরেকজনের সামনে সুযোগ আসে। স্কোয়াডে যারা আছে, তারা জানে — এমন পরিস্থিতিতে কাউকে এগিয়ে আসতেই হয়।"

এই টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ দলের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। মিরাজ ছিলেন লাল বলের ফর্মে অন্যতম ধারাবাহিক পারফর্মার। ব্যাটে-বলে ভারসাম্য এনে দিতে পারা এই অলরাউন্ডারের না থাকা দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ওপর অতিরিক্ত দায়িত্ব না দেওয়ার কথা জানিয়ে কোচ বলেন, “সে যেন তার খেলাটা উপভোগ করে, সেটাই গুরুত্বপূর্ণ। অতীতেও গলে সে ভালো খেলেছে, এবারও সেটাই চাই।”

সম্প্রতি মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে টেস্ট অধিনায়ক শান্তর ভূমিকা বা আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সিমন্সের। “শান্ত মাঠে নামলে বাইরের কিছু ভাবতে চায় না। নিজের কাজটাই করে,” বলেন তিনি।

উইকেট নিয়ে এখনো পর্যাপ্ত ধারণা পাওয়া না গেলেও সিমন্স ইঙ্গিত দিয়েছেন, গলের চিরাচরিত স্পিন সহায়ক কন্ডিশন এবারও দেখা যেতে পারে। উইকেটের প্রকৃতি জানতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এদিকে প্রস্তুতি পর্বে গল শহরের বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও পুরো দল এখন টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। তবে প্রথম একাদশ ঠিক করার আগে সবাই তাকিয়ে আছেন— শেষ পর্যন্ত কি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন মেহেদী হাসান মিরাজ?

মতামত দিন