খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সাবেক ক্লাবের ঐতিহাসিক সাফল্যে খুশি এমবাপ্পে, ব্যালন ডি’অরের ভোট ডেম্বেলেকে।

নিজস্ব প্রতিবেদক:

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েও এখনো কোনো শিরোপা জিততে না পারলেও সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ জয়ে উচ্ছ্বসিত কিলিয়ান এমবাপ্পে। এক বছর আগেই ক্লাব ছাড়লেও ফরাসি ফরোয়ার্ডের মতে, এই অর্জন ‘পিএসজির সম্পূর্ণ প্রাপ্য’।

গত সপ্তাহে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার ট্রফি ঘরে তোলে পিএসজি। সাবেক ক্লাবের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে এমবাপ্পে বলেন, ‘ওরা এটা পাওয়ার যোগ্য ছিল। আমিও ওদের সঙ্গে অনেক কঠিন সময় পার করেছি। এটা অসাধারণ এক অর্জন। এখন ওরা এমন এক দল হয়ে উঠেছে, যাদের সবাই হারাতে চায়।’

তবে বিদায়ের সময় এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কটা ছিলো টানাপড়েনপূর্ণ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও €৫৫ মিলিয়ন বকেয়া আদায়ে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। এমন পরিস্থিতির পরও সাবেক ক্লাবের সাফল্যে তার এমন প্রতিক্রিয়া ইতিবাচক বার্তা দেয়।

অন্যদিকে, রিয়ালে প্রথম মৌসুমে ৪৩টি গোল করেও শিরোপাহীন থাকতে হয়েছে এমবাপ্পেকে। লা লিগা ও কোপা দেল রে—উভয় প্রতিযোগিতাতেই রানার্সআপ হয় রিয়াল, আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় কোয়ার্টার ফাইনালেই।

তবুও কোনো আফসোস নেই এমবাপ্পের কণ্ঠে। আমি ক্লাবটা ঠিক সময়ে ছেড়েছি। আমার গল্পটা তখনই শেষ হয়ে গিয়েছিল। এখন আমি নতুন পথের যাত্রী।’

এমবাপ্পে এ বছর ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দও জানিয়ে দিয়েছেন।ব্যক্তিগত সাফল্যের দিক থেকে পিছিয়ে থাকলেও, তার ভোট যাবে সাবেক ক্লাব সতীর্থ ওসমান ডেম্বেলের দিকেই। ‘ডেম্বেলে? হ্যাঁ, আমি তাকেই ভোট দেবো। এতে ব্যাখ্যার কিছু নেই। ও ৩৩টি গোল করেছে, ১৫টি অ্যাসিস্ট দিয়েছে, তিনটি শিরোপা জিতেছে। এর চেয়ে বেশি আর কী চাই?’

সব মিলিয়ে ব্যক্তিগত গ্লানি,আইনি বিরোধ কিংবা শিরোপাহীনতা—কোনো কিছুই যেন হার মানাতে পারেনি এমবাপ্পের সাবেক ক্লাব ও সতীর্থদের প্রতি আন্তরিকতা আর শ্রদ্ধাকে।

মতামত দিন