খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আমি হাত মেলাব না কঠোর অবস্থানে:তামিম ইকবাল।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজের বিরুদ্ধে চলমান সমালোচনা ও অপপ্রচারের জবাব দিয়েছেন। পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যারা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় বা ব্যক্তিগতভাবে আক্রমণ চালাচ্ছেন, তাদের সঙ্গে তিনি কোনো আপস করবেন না।

তামিম লেখেন, “আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যদি ক্রিকেট প্রশাসনে তার সম্পৃক্ততা থাকে, সেটি হবে শুধুমাত্র দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে এবং নীতিগত অবস্থানে থেকেই। তার ভাষায়, “আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।”

সম্প্রতি একটি তদন্ত কমিটির প্রতিবেদনকে কেন্দ্র করে একটি পক্ষ তামিমের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ তুলছে বলে জানা যায়। তবে এ বিষয়ে পরিষ্কার অবস্থান তুলে ধরে তামিম বলেন, “আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও যদি এ বিষয়ে কিছু মনে হতো, নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন।”

তিনি আরও যোগ করেন, “কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন।”

পোস্টের শেষে তামিম ইকবাল ফের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে  উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।”

তামিমের এই স্ট্যাটাসকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক ও ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে তার অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করছেন,আবার অনেকে পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করছেন।

মতামত দিন