খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

জর্ডানের মাটিতে পিছিয়ে পড়েও ড্রয়ে অসাধারণ লড়াই বাংলাদেশের নারীদের।

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে শক্তিশালী স্বাগতিক জর্ডানের বিপক্ষে দারুণভাবে লড়াই করে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ড্রয়ের ফলে অপরাজিত থেকেই আসর শেষ করলো আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় তারা। তবে বাংলাদেশ হাল না ছেড়ে বিরতির ঠিক আগে শামসুন্নাহার জুনিয়রের গোলে ম্যাচে ফেরে।

দ্বিতীয়ার্ধেও প্রথমে গোল পায় জর্ডান। তবে ৮৯তম মিনিটে শাহেদা আক্তার রিপা ম্যাচে সমতা ফেরালে লাল-সবুজ শিবিরে স্বস্তি ফেরে।

র‌্যাঙ্কিংয়ে জর্ডান যেখানে ৫৯ ধাপ এগিয়ে, সেখানে তাদের মাঠে গিয়ে এমন লড়াই নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে এই প্রতিপক্ষের বিপক্ষে ২০২১ সালে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই স্মৃতি ভুলিয়ে দিয়ে এবার বাংলাদেশ জোরালো বার্তা দিল, তাদের উন্নতির পথ অনেক দূর পর্যন্ত বিস্তৃত।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ নারী দল।

এবারের সফর শেষ হলো অপরাজিত থেকে। উন্নত রক্ষণ, আত্মবিশ্বাসী আক্রমণ আর দৃঢ় মানসিকতায় ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক এক বার্তা দিয়েই দেশে ফিরছে লাল-সবুজ প্রতিনিধিরা।

মতামত দিন