লাহোরে আবারও বড় ব্যবধানে হার, পাকিস্তানের কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই ওপেনার সাইম আইয়ুবকে (৪) হারালেও তিন নম্বরে নামা মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহানের জুটিতে চড়াও হয় পাকিস্তানের ব্যাটিং।হারিস ২৫ বলে করেন ৪১ রান, আর ফারহান তুলে নেন ৭৪ রান ৪১ বলে। শেষদিকে হাসান নওয়াজের ঝড়ো ইনিংস (২৬ বলে অপরাজিত ৫১) দলকে এনে দেয় বড় সংগ্রহ—৬ উইকেট হারিয়ে ২০১ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের ওপেনিং জুটিতে আসে ৪৪ রান। কিন্তু এরপরই ধস নামে ব্যাটিং লাইনআপে। তামিম ৩৩ ও মিরাজ ২৩ রান করলেও মিডল অর্ডার ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় দল।
একমাত্র ব্যতিক্রম ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এই জয়ে দুই ম্যাচ শেষে ২-০ তে সিরিজ জিতে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

মতামত দিন