খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচাতে ২০২ রানের পাহাড় ডিঙ্গানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

নিজস্ব প্রতিবেদক:

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় চ্যালেঞ্জ।পাকিস্তানের করা ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হলে আজ বাংলাদেশকে খেলতে হবে নিখুঁত ও দৃঢ় ব্যাটিংয়ের এক ইনিংস।


টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৪১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংসে তিনি মারেন ৪টি চার ও ৬টি ছক্কা। শুরুতে সাইম রান আউট হলেও, দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে ফারহান গড়েন ১০৩ রানের বড় জুটি। হারিস ২৫ বলে করেন ৪১ রান।

শেষ দিকে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন তরুণ হাসান নওয়াজ। মাত্র ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থেকে তিনি দলকে ২০০ পার করিয়ে দেন। যদিও ১০ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১১৫, এরপর কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশ প্রতিপক্ষকে ২২০-রানের দিক থেকে নামিয়ে আনতে সক্ষম হয়।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২টি উইকেট, আর হাসান মাহমুদ ৪ ওভারে ৪৭ রানে নেন আরও ২টি। তবে স্পিনার রিশাদ হোসেন ছিলেন ব্যয়বহুল—৪ ওভারে ৫০ রান দিয়ে পান মাত্র ১টি উইকেট। পাওয়ারপ্লেতে মাত্র একটি উইকেট তুলতে পারায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।

উল্লেখ্য,আগের ম্যাচেও পাকিস্তানের রান ছিল প্রায় এই সীমায়, আর বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে।ফলে এবার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। অধিনায়ক লিটন দাসকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে, সাথে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান, পাওয়ার হিটার পারভেজ ইমন এবং টেকনিক্যাল হৃদয়কে খেলতে হবে দায়িত্বশীল ইনিংস।

এই ম্যাচে কেবল বড় স্কোর নয়, দরকার হবে স্থিরতা, ধারাবাহিকতা ও চাপ সামলানোর দক্ষতারও। সিরিজ বাঁচাতে আজকের ইনিংস হতে হবে সাহসিকতা ও কৌশলের অনন্য সংমিশ্রণ।

মতামত দিন