খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

সাকিবের ফেরা নির্ভর করবে ফিটনেস ও পারফরম্যান্সে: বিসিবি সভাপতি আমিনুল।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্ব পরিবর্তনের পর দায়িত্ব গ্রহণ করলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার দিনই এক সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

আলোচনায় উঠে আসে জাতীয় দল থেকে অনেকটা দূরে থাকা সাকিব আল হাসান প্রসঙ্গও।

সাকিবকে আবারও জাতীয় দলে দেখা যাবে কি না—এই প্রশ্নের উত্তরে বিসিবির নবনিযুক্ত সভাপতি পরিষ্কারভাবে জানান, সিদ্ধান্ত আসবে নির্বাচক কমিটির পক্ষ থেকেই, উপদেষ্টা বা কারও ‘চাওয়া-না চাওয়ায়’ নয়। “আমাদের একটি গঠনমূলক প্রক্রিয়া আছে। সেই অনুযায়ী নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে এবং বোর্ড তা সম্মান জানাবে,”—বলেন তিনি।

আমিনুল জানান, সাকিব বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হলেও জাতীয় দলে ফেরার জন্য তাকে ফিটনেস এবং পারফরম্যান্সের মানদণ্ডে নিজেকে প্রমাণ করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান রাজনীতিতে সক্রিয় হওয়ার পর নানা জল্পনা-কল্পনার জন্ম দেন। নির্বাচনের আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং পরে সরকারের পরিবর্তনের প্রেক্ষাপটে তার ক্রিকেট ক্যারিয়ার ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা থাকলেও,ক্রীড়া উপদেষ্টার ‘নিরুৎসাহনে’ তা হয়নি বলেও জানা যায়।

সংবাদ সম্মেলনে লাহোরে চলমান সিরিজ নিয়েও আবেগঘন বক্তব্য দেন আমিনুল। “আমরা সবাই একটু টেনশনে আছি। আজকের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,”—বললেন তিনি।

সব মিলিয়ে নতুন সভাপতি স্পষ্ট করে দিয়েছেন—জাতীয় দলের দরজা বন্ধ নয়, তবে সেটি খুলবে কেবল খেলোয়াড়ের পারফরম্যান্স, শৃঙ্খলা এবং ফিটনেসের চাবিকাঠিতে।

মতামত দিন