বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না ফারুক আহমেদ।
আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিলেন ফারুক আহমেদ। বুধবার (২৮ মে) রাতে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সন্ধ্যায় যমুনা টিভি প্রথম খবর দেয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি সভাপতির পদে ফারুক আহমেদকে আর দেখতে চায় না। তার স্থানে বোর্ডের নেতৃত্বে আনা হতে পারে দেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।
তবে এ পরিবর্তনের পথে আইনি ও গঠনতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাছাড়া, সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে বোর্ড সভাপতির পরিবর্তন ঘটলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা লঙ্ঘিত হওয়ার আশঙ্কাও থেকে যায়।
২০২৩ সালের ২১ আগস্ট, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। মেয়াদের নির্ধারিত সময় অনুযায়ী, আগামী নির্বাচন পর্যন্ত তারই বোর্ড নেতৃত্বে থাকার কথা।
এ অবস্থায় এনএসসি চাইলেও এখনই সভাপতির পদে পরিবর্তন আনা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রীড়াঙ্গনে। ফারুক আহমেদের এই অবস্থান দৃঢ় হলে পুরো প্রক্রিয়া রাজনৈতিক ও গঠনতান্ত্রিক চাপের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন