খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নতুন যুগের প্রত্যাশা নেইমারের।

নিজস্ব প্রতিবেদক:

খেলা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

আন্তর্জাতিক ফুটবলের বর্ষীয়ান তারকা নেইমার মনে করছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন আসরটিকে 'নতুন যুগের ভোর' বলেই দেখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ডিজনিপ্লাসে সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেইমার বলেন,“এই বিশ্বকাপে এমন অনেক কিছু হবে যা আমরা আগে কল্পনাও করিনি। আমি নিশ্চিত, এবারের আসর সবার কাছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে থাকবে।”

আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে— যা ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে।নেইমারের মতে, এই সম্প্রসারণ শুধুমাত্র অংশগ্রহণকারীর সংখ্যা নয়, বরং বৈচিত্র্য ও বৈশ্বিক ফুটবল বিস্তারের সুযোগও তৈরি করবে।

এছাড়া, মাঠের বাইরের বিনোদনমূলক আয়োজন নিয়েও নিজের অভিমত জানিয়েছেন নেইমার। যুক্তরাষ্ট্রে এনবিএ খেলার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “বাস্কেটবল কেবল খেলা নয়, বরং এক ধরনের পূর্ণাঙ্গ বিনোদন। ফুটবলেও দর্শকদের জন্য হাফটাইমে কিছু আয়োজন করা যেতে পারে, যাতে স্টেডিয়ামে সম্পূর্ণ সময়টি উপভোগ্য হয়।”

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নেইমারের ব্যক্তিগত পরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন।যদিও ইনজুরির কারণে তিনি বর্তমানে মাঠের বাইরে, তবু ব্রাজিল দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বর্তমানে নেইমার খেলছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে, যেখানে চলতি চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। এরপর তিনি কোথায় যাবেন, তা এখনো জানা যায়নি। তবে ফুটবলবিশ্ব তাকিয়ে আছে— আবার কবে দেখা যাবে নেইমারকে আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ২০২৬ সালের সেই বহুল প্রতীক্ষিত বিশ্বকাপে।

মতামত দিন