আল-নাসর অধ্যায়ের ইতি টানার বার্তা রোনালদোর, ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জোর গুঞ্জন।
খেলা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
সৌদি প্রো লিগে মৌসুমের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নতুন জল্পনার জন্ম দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে শেষ ম্যাচে গোল করার পর ইনস্টাগ্রামে এক সংক্ষিপ্ত বার্তায় জানালেন, “এই অধ্যায় শেষ।
এই ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন—রোনালদো কোথায় যাচ্ছেন?
চলতি মৌসুমে আল-নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই পর্তুগিজ মহাতারকা। ৪২ ম্যাচে করেছেন ৪১টি গোল। কিন্তু তৃতীয় মৌসুমেও দলের কোনো শিরোপা জেতা হয়নি, যা হয়তো সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বড় একটি কারণ।
তিন বছরের আল-নাসর অধ্যায়ে রোনালদো খেলেছেন মোট ১১১ ম্যাচ, গোল করেছেন ৯৯টি। ব্যক্তিগত অর্জনের বিচারে সফল হলেও, ট্রফি শূন্যতায় কিছুটা হতাশাই যেন ভর করেছে রোনালদোর মনজুড়ে।
২০২২ সালে ইউরোপ ছেড়ে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি। শুরুতে অংশগ্রহণ সীমিত থাকলেও পরের দুই মৌসুমে ছিলেন পুরোদমে। তবে ক্লাবের হয়ে কোনো শিরোপা জেতা হয়নি। এবার লিগও শেষ হয়েছে তৃতীয় স্থানে, চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে।
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের নাম। এমএলএস-এর কয়েকটি ক্লাব তাকে দলে টানতে আগ্রহী বলে জানা গেছে। তবে রোনালদোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফুটবল থেকে বিদায় নেওয়ার কোনো ইঙ্গিত দেননি রোনালদো। বরং তাঁর ইনস্টাগ্রাম বার্তায় বোঝাই যাচ্ছে—গল্প এখনো বাকি। ৯৪০-এর ঘরে থাকা ক্যারিয়ার গোলসংখ্যাকে ১০০০-এ পৌঁছানোর লক্ষ্য তো আগেই জানিয়েছেন তিনি।
চলতি জুনেই জাতীয় দলের হয়ে ফিরছেন তিনি। ৪ জুন নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। অনেকের ধারণা, সেই ম্যাচের আগেই নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন রোনালদো।
এক নজরে আল-নাসরে রোনালদোর পরিসংখ্যান:
| মৌসুম | ম্যাচ | গোল |
|---|---|---|
| ২০২২–২৩ | ২১ | ১৪ |
| ২০২৩–২৪ | ৪৮ | ৪৪ |
| ২০২৪–২৫ | ৪২ | ৪১ |
| মোট | ১১১ | ৯৯ |
মতামত দিন