ব্রাজিলের হাল ধরতে রিওতে আনচেলত্তি, সামনে বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ।
খেলা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রোববার (২৫ মে) রাতে একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে নামেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।
বিমানবন্দরে আনচেলত্তির জন্য কোনো আনুষ্ঠানিক স্বাগত আয়োজন না থাকলেও, সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্য এবং কোচিং স্টাফদের কয়েকজন। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে এক বার্তায় তাকে স্বাগত জানিয়ে বলা হয়, ‘স্বাগতম, কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন আপনার ঘর।’
রিওতে পৌঁছেই দ্রুত কাজে নামছেন আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করবেন তিনি।ব্রাজিল ফুটবল দল ইতোমধ্যেই আনচেলত্তির সঙ্গে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে। তার মূল লক্ষ্য—দীর্ঘ সময়ের শিরোপা খরা কাটিয়ে সেলেসাওদের আবার বিশ্বচ্যাম্পিয়ন করা।
আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। এরপর ১০ জুন মারাকানা স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ড সামনে রেখে সেলেসাও বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে।
তবে আনচেলত্তির আগমন এমন এক সময়ে হলো, যখন ব্রাজিল ফুটবলে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন চলছে। সিবিএফের সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজ জালিয়াতির অভিযোগে পদচ্যুত হওয়ার পর সংস্থাটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন সামির শাউদ। এই পট পরিবর্তনের মধ্যেই ব্রাজিল ফুটবল একটি নতুন পথচলার সূচনা করলো, যার সামনে আনচেলত্তির অভিজ্ঞতা হতে পারে বড় আশার আলো।
বিশ্বজুড়ে সফল ক্লাব কোচ হিসেবে পরিচিত আনচেলত্তির কাঁধে এখন ব্রাজিলের গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব। সেলেসাও সমর্থকরা এখন তাকিয়ে তার দিকেই।

মতামত দিন