ইনজুরিতে মোস্তাফিজ ছিটকে গেলেন পাকিস্তান সিরিজ থেকে, দলে খালেদ আহমেদ।
নিজস্ব প্রতিবেদক:
খেলা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ায় তিনি সিরিজ থেকে ছিটকে গেছেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মেডিকেল টিম জানিয়েছে, মোস্তাফিজের বাম হাতের একটি আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে এবং তাকে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানান,“মোস্তাফিজ ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে। দুই সপ্তাহ পর আমরা তার পুনরুদ্ধারের অগ্রগতি মূল্যায়ন করব এবং পরবর্তী করণীয় নির্ধারণ করব।”
উল্লেখ্য, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে বল করার সময় একটি ফিরতি ক্যাচ নেয়ার চেষ্টায় চোট পান মোস্তাফিজ।যদিও সে ম্যাচে নিজের পুরো ওভার কোটা সম্পন্ন করেছিলেন তিনি, তবে ম্যাচ শেষে তার আঙুলে ফ্র্যাকচার শনাক্ত হয়।
এদিকে মোস্তাফিজের পরিবর্তে ডাক পাওয়া খালেদ আহমেদ এর আগে ১৬টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। তবে এখনো টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়নি এই ডানহাতি পেসারের। ঘরের মাঠে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করায় তাকে বিবেচনায় এনেছে নির্বাচকরা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ মে।
মতামত দিন