পিএসএলে বাঁচা-মরার ম্যাচে সাকিবের ঝলক, লাহোরের দাপুটে জয়।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে টিকে থাকার লড়াইয়ে করাচি কিংসকে হারিয়ে শেষ চারে আশা জিইয়ে রাখলো লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে করাচিকে ৬ উইকেটে হারায় শাহীন আফ্রিদির দল।
লাহোর কালান্দার্স দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে একাদশে সুযোগ মেলে কেবল সাকিবের। বল হাতে তার প্রথম ও একমাত্র ওভারেই আসে সাফল্য—৪ রান খরচায় তুলে নেন একটি উইকেট। এরপর আর বোলিং পাননি, তবে দলের জয়ে তাতেই ভূমিকা রেখে যান।
প্রথমে ব্যাট করে করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৯০ রান। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫২ বলে করেন ৭৫ রান। শেষ দিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় করাচি।
জবাবে লাহোরের ওপেনার ফখর জামান (২৮ বলে ৪৭) ও আবদুল্লাহ শফিক (৩৫ বলে ৬৫) দলকে দেয় শক্ত ভিত। পরে কুশল পেরেরা (২৪ বলে ৩০) ও ভানুকা রাজাপাকসে (১২ বলে অপরাজিত ২৩) দলকে সহজ জয় এনে দেন। ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লাহোর, ব্যাটিংয়ে নামতে হয়নি সাকিবকে।
এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো লাহোর কালান্দার্স। আজ শুক্রবার (২৩ মে) রাতে তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ারে জয় পাওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ফাইনালে।

মতামত দিন