খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

শিশির, ভুল বোলিং ও ফিল্ডিংয়ে ভরাডুবি—শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা লিটনের।

২০৬ রানের বিশাল লক্ষ্য দিয়েও শেষ ওভারে গড়বড় করে হেরে গেল বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটে জয় তুলে নেওয়ার মধ্য দিয়ে গড়েছে দুই শতাধিক রান তাড়া করে নিজেদের ইতিহাসের রেকর্ড।

ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১–১ সমতায়।

হারের দায় নিতে গিয়ে শিশিরকে বড় কারণ হিসেবে সামনে আনলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ে ভুলকেও স্বীকার করে নিয়েছেন তিনি।

ম্যাচ শেষে লিটন বলেন, “যেকোনো পরাজয়ই বেদনাদায়ক।তবে এই উইকেটেও আমরা ভালো ব্যাটিং করেছি। আমার মনে হয়েছে,ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধা পেয়েছে।তার পরও আমরা চেষ্টা করেছি।মাঝের ওভারগুলোতে আমরা কিছু ভুল করেছি—বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। বোলিংয়ের সময় আরও হিসেবি হতে হবে, ভিন্ন ভিন্ন ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।”

ছোট মাঠে শিশির কতটা প্রভাব ফেলে, সেটিও তুলে ধরেন তিনি। “বুঝতে হবে এই ধরনের মাঠে শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে,” বলেন লিটন।

তবে তরুণ বোলার নাহিদ রানার পারফরম্যান্সে স্পষ্ট অসন্তুষ্ট লিটন, “রানার কাছ থেকে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। আগের ম্যাচগুলোতে সে যা করেছে, তার ধারেকাছেও ছিল না আজ। অবশ্যই ক্রিকেটে ভালো-খারাপ দিন থাকে। আমরা বসে আলোচনা করব এবং আবার ঘুরে দাঁড়াব।”

ব্যাটিংয়ে দল ভালো করলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন লিটন। “আমি যা করেছি, তা যথেষ্ট নয়। আমি পরের ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব,” বলেন টাইগার অধিনায়ক।

প্রসঙ্গত, শুরুতে সিরিজটি নির্ধারিত ছিল দুই ম্যাচের। পরে দুই দেশের বোর্ডের আলোচনায় যুক্ত হয় আরেকটি ম্যাচ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২১ মে। সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আশা এখন টাইগারদের।

মতামত দিন