ভুল ফিল্ডিং আর হতাশার বোলিং—দুইশ রানের ম্যাচেও হারল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েও ১ বল বাকি থাকতে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো দুইশ’র বেশি রান করে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে হারল টাইগাররা।
সোমবার (১৯ মে) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের শেষ দুই ওভারে দরকার ছিল ২৯ রান। ওই সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শরিফুল ইসলামের বাজে ওভার—১৯তম ওভারে দেন ১৭ রান, সঙ্গে এক ওভার থ্রোতে আরও ৫ রান, যা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় ম্যাচ হারার মূল কারণ।
শেষ ওভারে দরকার ছিল ১২ রান। বল হাতে আসেন তানজিম হাসান সাকিব। শুরুতেই ওয়াইড, এরপর এক রান, তৃতীয় বলে ছক্কা—হাতে তখন চার বলে চার রান দরকার। চাপের মুখে তৃতীয় বলেই এক উইকেট পেলেও পরের বলেই নো, সঙ্গে ছিল রান আউট মিসের চূড়ান্ত প্রদর্শনী। উইকেটরক্ষক জাকের আলির দুর্বল থ্রো ও সাকিবের অনড় প্রতিক্রিয়ায় দ্বিতীয়বারের মতো হাতছাড়া হয় সহজ রানআউটের সুযোগ। এরপর হায়দার আলির এক ছন্দময় ইনিংসে (৬ বলে ১৫ রান) শেষ বলের আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০৫ রানের শক্ত ভিত গড়ে বাংলাদেশ। তানজিদ তামিমের ৩৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস, হৃদয়ের ২৪ বলে ৪৫ ও লিটনের ৩২ বলে ৪০ রানের সুবাদে বাংলাদেশের স্কোরবোর্ড পৌঁছায় ২০৫/৫-এ। শেষ দিকে জাকের আলির ৬ বলে ১৮ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই জয়ের বার্তা দেয় আরব আমিরাত। ওপেনার মুহাম্মদ ওয়াসিমের ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস আর জোহাইবের ৩৮ রানের সহায়তায় তারা তোলে ১০৭ রানের উদ্বোধনী জুটি। এরপর যদিও একের পর এক উইকেট হারিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ, কিন্তু শেষ ওভারে অসংখ্য ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
বোলিং বিভাগে রিশাদ হোসেন (২/২৮) ও শরিফুল ইসলাম (২/৩৪) ছাড়া কেউই তেমন আলো ছড়াতে পারেননি। নাহিদ রানার ৪ ওভারে ৫০ রান ও তানজিম হাসানের ৫৫ রান খরচা বাংলাদেশের জন্য ব্যর্থতার প্রতিচ্ছবি।
শেষ মুহূর্তের ব্যর্থতা, পরিকল্পনার অভাব আর শিশিরের প্রভাব মেনে নিয়েই হারের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক লিটন দাস। তবু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০৫/৫ (তানজিদ ৫৯, হৃদয় ৪৫, লিটন ৪০)
আরব আমিরাত: ২০৬/৮ (ওয়াসিম ৮২, জোহাইব ৩৮; রিশাদ ২/২৮)
ফল: আরব আমিরাত ২ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মুহাম্মদ ওয়াসিম
সিরিজ: ১–১ সমতায়, তৃতীয় ও শেষ ম্যাচ ২১ মে।
মতামত দিন