খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পিএসএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ড।

মিরাজ ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারবেন। এই সময়ে লাহোর কালান্দার্সের রয়েছে প্লে-অফের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ—২২ মে এলিমিনেটর, ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার (জয় পেলে), আর ২৫ মে ফাইনাল।

সিকান্দার রাজার বদলি খেলোয়াড় হিসেবে মিরাজকে দলে নিচ্ছে লাহোর কালান্দার্স। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার শিগগিরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পিএসএল ছাড়বেন।

এনওসি পাওয়ার ফলে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ।এর আগে ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেও মাঠে নামা হয়নি তার।

লাহোর কালান্দার্সের হয়ে এরই মধ্যে মাঠে নেমেছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে থাকায় আর পিএসএলে অংশ নিচ্ছেন না। এখন দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।

মতামত দিন