কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

বিজয়নগরের আউলিয়া বাজারে জমজমাট লিচুর হাট, প্রতিদিন লেনদেন ৮০ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে প্রতিদিন ভোর রাত থেকেই জমে উঠছে লিচুর হাট। ভোর ৩টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত হাজারো কণ্ঠে লিচুর দরদাম নিয়ে হাঁকডাকে মুখর থাকে পুরো এলাকা।

আশপাশের গ্রামের চাষিরা এ সময়টাতেই গাছ থেকে তোলা তাজা লিচু নিয়ে ছুটে আসেন বাজারে।

বাজারে পাওয়া যাচ্ছে নানা জাতের লিচু—পাটনাই, বোম্বাই, চায়না থ্রি, চায়না-টু ও এলাচি। স্বাদ ও মানে এগুলো এতটাই উৎকৃষ্ট যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, ভৈরব, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, ফেনী, চাঁদপুর, শ্রীমঙ্গল ও ঢাকা থেকে নিয়মিত ছুটে আসছেন পাইকাররা।

প্রতিদিন বিক্রি ৭০–৮০ লাখ টাকার লিচু
স্থানীয় ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই হাটে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে। পাটনাই জাতের লিচু প্রতি হাজার ১,৫০০ থেকে ২,৫০০ টাকা এবং বোম্বাই লিচু ২,০০০ থেকে ৪,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাহিদা থাকলেও আবহাওয়াজনিত কারণে এ বছর ফলন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

২০ কোটি টাকার বাজার সম্ভাবনা
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, “চলতি বছর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।” তিনি জানান, মৌসুমের শুরুতে বৃষ্টির ঘাটতি থাকলেও বর্তমানে নিয়মিত বৃষ্টিতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ফিরেছে।

জিয়াউল ইসলাম আরও জানান, সরবরাহ কিছুটা কম হলেও কৃষকরা দাম নিয়ে সন্তুষ্ট। আর মৌসুমজুড়ে এই লিচু হাট পুরো অঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনছে।

মতামত দিন