চাষিদের হাত থেকে সরাসরি ঢাকায় আসবে রাজশাহীর আম।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার আম এবার সরাসরি চাষিদের হাত থেকে ঢাকাবাসীর ঘরে পৌঁছবে। ডাক বিভাগের নেটওয়ার্ক ও পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে এ কার্যক্রম চালাচ্ছে কওমি তরুণ উদ্যোক্তাদের একটি দল।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার আগারগাঁও ডাক ভবনে এই উদ্যোগের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন,“ডাক বিভাগ শুধু চিঠিপত্র নয়,এখন সাপ্লাই চেইন শক্তিশালী করতেও কাজ করছে।কৃষকের পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে এই অবকাঠামো কাজে লাগানো হচ্ছে।”
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ইসলামি মূল্যবোধে বিশ্বাসী কওমি তরুণ উদ্যোক্তারা।তাদের ৮০ হাজারের বেশি সদস্য বর্তমানে ফ্রিল্যান্সিং, ই-কমার্স, কৃষি ও উৎপাদন খাতে যুক্ত। উদ্যোক্তারা জানান, এটি শুধু মৌসুমি নয়, বরং দীর্ঘমেয়াদি একটি কৃষিপণ্য বিপণন মডেল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
ভবিষ্যতে এই নেটওয়ার্কের মাধ্যমে লিচু, কাঁঠাল, চাল, ডাল, মধুসহ আরও নানা পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। অনলাইন অর্ডারের জন্য ‘কওমি উদ্যোক্তা’ নামের ফেসবুক গ্রুপ ও পেজ ব্যবহার করা যাচ্ছে।
মতামত দিন