কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ইটভাটার গ্যাসে ফসল পুড়ে ক্ষতিগ্রস্ত ৯৫ কৃষককে ৮ লাখ টাকার ক্ষতিপূরণ।

জয়পুরহাটে ইটভাটার নির্গত গ্যাসে বোরো ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে ক্ষতিগ্রস্ত ৯৫ জন কৃষকের মাঝে ৮ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পুরানাপৈল এলাকার আরএনবি ইটভাটার গ্যাসে ৯১ বিঘা জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। একই ঘটনায় একাধিকবার ক্ষতির মুখে পড়া কৃষকেরা চলতি বছরের ২৭ এপ্রিল হিলি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন।

পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন। ফসলের প্রকৃতি ও জমির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়।

ক্ষতিপূরণের অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, পুরানাপৈল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরমান আলী হিরো এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

মতামত দিন