দিনাজপুরের বিরল উপজেলার রবিপুর গ্রামের উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে ৮৭ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ করা হয়েছে। খেতে সারি সারি সবুজ গাছের ফাঁকে লালচে পাকা স্ট্রবেরি দেখতে স্থানীয় মানুষেরও ভিড় বাড়ছে।
স্থানীয় কৃষকরা মিলে এই চাষাবাদ শুরু করেছেন। স্ট্রবেরির পাশাপাশি তাঁরা শসা, টমেটো, বেগুন, পেয়ারা ও লিচুর বাগান ইজারা নিয়ে কৃষিকাজ করছেন।
উদ্যোক্তারা জানান, ২০ শতাংশ জমিতে পলিনেট হাউসে কন্দ থেকে চারা তৈরি করা হচ্ছে এবং বাকি ৬৭ শতাংশ জমিতে প্রায় ১৫ হাজার স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। উইন্টারডন ও ফেস্টিভ্যালসহ কয়েকটি জাতের গাছে ইতোমধ্যে ফল ধরেছে। চারা রোপণের প্রায় ৭৫ দিন পর ফল সংগ্রহ শুরু হয়েছে। এখন পর্যন্ত সাড়ে আট মণ স্ট্রবেরি বিক্রি হয়েছে, যার গড় দাম কেজিপ্রতি প্রায় ৪০০ টাকা। সবকিছু ঠিক থাকলে মৌসুম শেষে প্রায় ১৫০ মণ ফল পাওয়ার আশা করছেন তাঁরা।
জমি ভাড়া, সার-বীজ ও শ্রমিক খরচ বাদ দিয়ে এ মৌসুমে সাত থেকে আট লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এক চাষি স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে শুরু করেছিলেন। পরে তাঁর সঙ্গে যুক্ত হন আরও তিনজন। বর্তমানে তাঁরা প্রায় ১২ একর জমিতে বিভিন্ন ফসল চাষ করছেন।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, দিনাজপুরের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদের পরামর্শ ও উপকরণ দিয়ে সহযোগিতা করছে।
মতামত দিন