মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, চাষিদের মুখে খুশির ছাপ।
মানিকগঞ্জে এবার গাজরের চাষ থেকে আশাকৃত ফলন পেয়েছেন কৃষকরা। ভালো ফলন ও আকর্ষণীয় বাজারমূল্যের কারণে চাষিদের মুখে খুশির ছাপ দেখা যাচ্ছে।
মাঠ থেকে গাজর তুলতে কৃষকরা ব্যস্ত। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি নারী কৃষকরাও গাজর তোলার কাজে যুক্ত হয়েছেন। তারা জানান, মাঠের ধুলো-মাটির মধ্যে দিনভর কাজ করতে হয়, কিন্তু সবার সঙ্গে মিশে কাজ করায় আনন্দও থাকে।
চলতি বছরের বাম্পার ফলনের কারণে উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকরা দ্বিগুণ লাভের মুখ দেখছেন। একজন চাষি বলেন, “এবার গাজর খুব ভালো হয়েছে। গতবার ৬০–৭০ হাজার টাকার বাজার মূল্য পেয়েছিলাম, এবার আরও বেশি।”
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাজাহান সিরাজ জানান, বাজারমূল্য ভালো হওয়ায় কৃষকরা খুশি। মাঠ পর্যায়ে গাজর প্রতি কেজি ৩০–৪০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মানিকগঞ্জে আরও বেশি কৃষক গাজর চাষে উৎসাহী হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর ৯০২ হেক্টর জমিতে গাজরের চাষাবাদ হয়েছে।

মতামত দিন