কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

পরিকল্পিতভাবে স্প্রে ছিটিয়ে কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়ায় পরিকল্পিতভাবে স্প্রে ছিটিয়ে এক কৃষকের তরমুজ চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে ৭ শতক জমির প্রায় ১২ হাজার চারা নষ্ট হয়ে যাওয়ায় সর্বস্ব হারানোর পরিস্থিতিতে পড়েছেন সৃজনশীল তরমুজচাষি ফরিদ তালুকদার।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে। পরদিন সকালে নিয়মমাফিক ক্ষেতে গিয়ে ফরিদ তালুকদার দেখতে পান গোটা জমিজুড়ে ঝিমিয়ে পড়া চারা। চারার পাতাগুলো বিবর্ণ হয়ে মাটিতে ঢলে পড়েছে। প্রথমে তিনি কারণ বুঝতে না পারলেও কিছুক্ষণ পরই স্পষ্ট হয়—কেউ ইচ্ছাকৃতভাবে রাসায়নিক স্প্রে ছিটিয়েছে।

স্থানীয়রা জানান, আড়াই কড়া জমিতে তরমুজ চাষে বেশ মনোযোগী ছিলেন ফরিদ।চারাগুলো ঠিকঠাকই বেড়ে উঠছিল। মাঠজুড়ে সবুজ গাছ দেখে তারও আশা ছিল, মৌসুমটা ভালোই যাবে। কিন্তু রাতের আঁধারে সেটাই শেষ করে দিল দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টার ব্যবধানে তার স্বপ্ন ও বিনিয়োগ—সবই ভেঙে চুরমার।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার বলেন, জমি লিজ নেওয়ার পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি মৌসুমের শুরুর কাজ করেছিলেন। চারা তৈরি ও পরিচর্যায় ইতোমধ্যেই বেশ খরচ হয়ে গেছে। এখন একসঙ্গে সব চারা নষ্ট হওয়ায় তিনি আর্থিকভাবে যেমন বিপর্যস্ত, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

তার ভাষায়, “সকালে গেলে দেখি একটাও চারা বাঁচে নাই। এতদিনের পরিশ্রম, সব শেষ। বুঝলাম—কেউ স্প্রে মেরে ক্ষতি করে গেছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতির খবর পেয়েছেন তারা। কৃষি বিভাগ থেকে সহায়তার সুযোগ আছে কি না—তা খতিয়ে দেখা হবে।

এদিকে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। কৃষি দপ্তরের সঙ্গে কথা বলে তদন্ত করে দেখা হবে।

মতামত দিন