যমুনার পানি বাড়ায় চরাঞ্চলে তলিয়ে যাচ্ছে শীতকালীন ফসল।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা বাড়ছে। এর প্রভাবে চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হতে শুরু করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ১৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচে রয়েছে। একইভাবে কাজিপুরের মেঘাই পয়েন্টেও ১৩ দশমিক ৮০ মিটার পানি প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার এক মিটার নিচে। এ ছাড়া গত পাঁচ দিন ধরে ফুলজোড়, ইছামতি, করতোয়া নদীতেও পানি বাড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের মধ্যে পানি আরও বাড়লে চরাঞ্চলের শীতকালীন সবজি আবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এখনই অনেক জমি প্লাবিত হওয়ায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে যমুনার পানি বাড়ছে। এতে নিচু জমিতে কিছুটা পানি উঠলেও বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে না। আগামী দুই-তিন দিন পানি বাড়ার সম্ভাবনা থাকলেও বিপৎসীমা অতিক্রম করবে না।
মতামত দিন