গাইবান্ধার যুবক সাগর হোসেনের রঙিন মাছ চাষে সফলতা।
গাইবান্ধার রামজীবন গ্রামে যুবক সাগর হোসেন একটি অনন্য উদ্যোগে নাম লিখিয়েছেন। তার পুকুরে লাল, নীল, হলুদ, সাদা, কালো ও কমলা রঙের মাছ ভেসে উঠছে, যা যে কাউকে তাক লাগিয়ে দেয়।
সাগর হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। চাকরির পথে না গিয়ে তিনি ব্যবসা হিসেবে বেছে নেন রঙিন মাছ চাষ।
২০১৯ সালে মাত্র ৩ হাজার টাকায় দুইটি ছোট চৌবাচ্চা তৈরি করে তিনি মাছ চাষ শুরু করেন। শখ থেকে শুরু হলেও এখন তার ছয়টি পুকুরে সাত লাখের বেশি মাছ লালিত-পালিত হচ্ছে।
তার ফার্মে মলি, গাপ্পি, রেইনবো ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ফাইটার ফিশ ও গোল্ডফিশসহ প্রায় ২০ প্রজাতির রঙিন মাছ রয়েছে। মাছগুলো বিক্রি হচ্ছে ফার্ম ও অনলাইন মাধ্যমে। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী ছাড়াও রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে।
সাগর জানিয়েছেন, খরচ বাদে প্রতি মাসে আয় হচ্ছে ৬০–৭০ হাজার টাকা। সরকারি সহায়তা পেলে দেশেই চাহিদা মেটানো সম্ভব, এমনকি বিদেশে রফতানিরও সম্ভাবনা আছে।
প্রথমে তার উদ্যোগ দেখে পরিবারের সদস্য ও গ্রামবাসী হাসি-ঠাট্টা করলেও বর্তমানে সবাই খুশি। স্থানীয় এক যুবক বলেন, “এখন অনেক বেকার যুবকই রঙিন মাছ চাষে আগ্রহ দেখাচ্ছে।”
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ জানান, সাগরের উদ্যোগের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, কারণ অন্যান্য মাছের তুলনায় রঙিন মাছ চাষে লাভ বেশি।
মতামত দিন