কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

পান চাষিরা দামপতনে বিপাকে, বিকল্প ফসলের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে পানের বাজারে দাম এত কমে যাওয়ায় চাষিরা মারাত্মক আর্থিক সমস্যায় পড়েছেন। এখন এক পণ পান বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়, যা খুচরা বাজারের ছোট পানের সমান।
অনেক চাষি দাম না পেয়ে ক্ষোভে বরজ থেকে সরাসরি বাজারে ফেলে দিচ্ছেন।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ী জানাচ্ছেন, গত বছরের তুলনায় চলতি বছরে দাম হঠাৎ অনেক কমে গেছে। বড় পণ পান বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, মাঝারি ৩০-৪০ টাকায় এবং ছোট পান মাত্র কয়েক টাকায়। উৎপাদন খরচও উঠছে না, অনেকেই অর্ধেক খরচও ফেরত পাচ্ছেন না।

টানা বৃষ্টিতে এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখনও বরজের পরিচর্যায় ব্যস্ত। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। চাষিরা মনে করছেন, পান রফতানি বাড়ানো গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলছেন, রফতানি কমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। তিনি আরও জানিয়েছেন, কৃষি বিভাগ ও বিপণন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা দরকার।

অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন,চাষিরা যেন ক্ষতির মুখে না পড়ে, তাই বিকল্প এবং লাভজনক ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। লাভজনক ফসলের মাধ্যমে চাষিরা বেশি মুনাফা পেতে পারবেন এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ উন্নত করা সম্ভব হবে।

তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ১৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় ৫ হেক্টর কম।

মতামত দিন