ঝালকাঠিতে শুরু হলো আমড়ার মৌসুম, জমে উঠেছে বাজার।
ঝালকাঠিতে আমড়ার মৌসুম শুরু হওয়ায় ভাসমান বাজার থেকে শুরু করে স্থলভিত্তিক আড়ত সবখানেই এখন তাজা আমড়ার সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের ‘আমড়া’ হিসেবে পরিচিত এ ফলের বেশিরভাগ সরবরাহ আসে ঝালকাঠি জেলা থেকেই।
মৌসুমের শুরুতে প্রতি মন আমড়া ১,২০০ থেকে ১,৬০০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এতে খুশি স্থানীয় আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকরা। শতাধিক শ্রমিক এ সময় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যারা দিনে ৬০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত মজুরি পান।
শতদশকাঠির আড়তদার জানিয়েছেন, এ মৌসুমে তিনি প্রায় এক কোটি টাকার আমড়া দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করবেন। রংপুর থেকে আসা পাইকারি ব্যবসায়ী আসাদুজ্জামানও ঝালকাঠির আমড়ার স্বাদে সন্তুষ্ট।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎপাদন খরচ কম হওয়ায় প্রতিবছর আমড়ার চাষ বৃদ্ধি পাচ্ছে। রোগবালাই নিয়ন্ত্রণ ও নিয়মিত পরামর্শের মাধ্যমে কৃষকদের সহায়তা করা হচ্ছে। এবছর কৃষক পর্যায়ে মৌসুম শেষে প্রায় তিন কোটি টাকার আমড়া বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর ঝালকাঠি জেলায় ৬০২ হেক্টর জমিতে আমড়া চাষ হয়েছে, যা বরিশাল বিভাগের অন্যান্য জেলার তুলনায় বেশি। উৎপাদন হবে প্রায় ৪,৫৭৮ মেট্রিক টন।

মতামত দিন