কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

লোকসানের দুঃসময় পেরিয়ে লাভের মুখে পঞ্চগড়ের পাটচাষিরা।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের কৃষকরা এবার পাট চাষে স্বস্তি খুঁজে পেয়েছেন। গত বছর খরার কারণে ক্ষতির মুখে পড়লেও চলতি মৌসুমে ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে দরও বেড়েছে।

ফলে লোকসানের হিসাব কাটিয়ে এবার লাভের মুখ দেখছেন তারা।

মৌসুমের শেষদিকে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পাট কেটে জাগ দিচ্ছেন, কেউ আঁশ ছাড়াচ্ছেন। কৃষকদের মতে, গতবার প্রতি মণ পাট ২ থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম উঠেছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। এতে তাদের মুখে হাসি ফুটেছে।

তবে সার ও কীটনাশক সরবরাহ নিয়ে অভিযোগ রয়েছে। কৃষকরা বলছেন, প্রয়োজনের সময় সঠিকভাবে সরবরাহ না পাওয়ায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়।

কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ার কারণে আঁশের মান ভালো হয়েছে এবং চাহিদা থাকায় বাজারদরও বেশি। ফলে কৃষকরা ভালো লাভ করছেন। একই সঙ্গে পাট চাষের গুরুত্ব তুলে ধরে কৃষকদের আরও আবাদে উৎসাহিত করা হচ্ছে।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, “এবার পাটের উচ্চতা ও আঁশের মান বেশ ভালো। তাই কৃষকেরা আগের তুলনায় বেশি দাম পাচ্ছেন। এছাড়া মাটির উর্বরতা বৃদ্ধির জন্যও পাট আবাদকে গুরুত্ব দেয়া হচ্ছে।”

তথ্য বলছে, এক বছরের ব্যবধানে পঞ্চগড়ে পাটের জমি প্রায় দেড় হাজার হেক্টর কমেছে। গতবার যেখানে আবাদ ছিল ৯ হাজার ২ শতাধিক হেক্টর, এবার সেটি কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮ শতাধিক হেক্টরে।

মতামত দিন