কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

ভৈরবে পাটচাষে মিশ্র প্রতিক্রিয়া: বাজার বীজে খুশি, সরকারি বীজে ক্ষতি।

নিজেস্ব প্রতিবেদক:

ভৈরবের পাট চাষিরা বাজার থেকে কেনা বীজ ব্যবহার করে এবার বাম্পার ফলন পেয়ে খুশি। বিশেষ করে সবুজ কেনাফ ও দেশীয় জাতের বীজের আবাদে ফলন ভালো হয়েছে এবং বাজারে পাটের দামও সন্তোষজনক।

চাষিরা জানান, বাজার বীজে উৎপাদন ও মূল্য দুটোই উপযুক্ত হওয়ায় তাদের উদ্দীপনা বেড়েছে।

তবে অন্যদিকে সরকারি লালবীজ বপন করে জেলায় প্রায় দুই হাজার চাষি লোকসান ভোগ করছেন। ফলন কম এবং বাজার দরে প্রতি মণ দাম কমে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত। অনেক কৃষকই এখন সরকারি বীজের প্রতি আগ্রহ হারিয়ে বাজারের বীজের ওপর নির্ভরশীল হয়ে উঠছেন। চাষিরা জানাচ্ছেন, সরকারি বীজে  ফলন ও বাজার দরের সামঞ্জস্য নেই, তাই তারা বাজার বীজকেই বেশি পছন্দ করছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য তথ্য যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। ভৈরব উপজেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা শিহাব উদ্দিন বলেন, “সমস্ত ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে যতটা সম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।” উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম আশা প্রকাশ করেছেন, বাজার দর ভালো থাকায় পাটের আবাদ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

চলতি বছর ভৈরবে মোট ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

মতামত দিন