কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে টানা বৃষ্টিতে ডুবে গেছে সাড়ে সাত হাজার হেক্টর ফসলি জমি।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে কয়েকদিনের অবিরাম বর্ষণে ছয়টি উপজেলায় তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর চাষের জমি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমন ধান পানির নিচে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা।

জেলা কৃষি দপ্তর জানিয়েছে, সদর, মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, শৈলকূপা ও হরিণাকুন্ডু—এই ছয় উপজেলার বিভিন্ন মাঠে প্রায় সাত হাজার পাঁচশ হেক্টরের বেশি জমি পানিতে ডুবে আছে।

কৃষকরা বলছেন, অধিকাংশ এলাকায় পানি নেমে যাওয়ার কোনো উপায় নেই। মাটিতে জলাবদ্ধতার কারণে মাঠে কাজ শুরু করাও অসম্ভব হয়ে পড়েছে।

চাষিরা জানান, “টানা তিনদিনের বৃষ্টিতে আমাদের জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। আবার রোপণ করলেও আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারব না।”

কৃষক সাইফ বলেন, “আমার দুই বিঘা জমি পুরোপুরি ডুবে আছে। পানি না নামা পর্যন্ত কিছুই করার নেই। কিন্তু এখন চারা জোগাড় করাটাও কঠিন হয়ে পড়েছে।”

 “এ বছর ধান তুলতে পারব কি না, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। শুধু আমার না, গ্রামের বেশির ভাগ জমিই তলিয়ে গেছে।”

এ অবস্থায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠি চন্দ্র রায় বলেন, “জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সহায়তায় বেশ কয়েকটি স্থানে বাঁধ কেটে পানি অপসারণের  উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় উন্নতি হয়েছে, অন্য এলাকাগুলোতেও দ্রুত কাজ চলছে।”

কৃষি বিভাগ মনে করছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জেলার আমন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা বিপর্যয়ের মুখে পড়তে পারে।

মতামত দিন