হাকিমপুরে পান চাষিদের সংকট, উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম।
হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পান চাষ কৃষকদের প্রধান জীবিকা হলেও চলতি বছর বাজারে পানের দাম বেশ কমে গেছে। ভারত থেকে পান আমদানির বন্ধ থাকার কারণে আগের কয়েক বছরে স্থানীয় চাহিদা বেড়ে পান চাষে কৃষকদের আগ্রহ ছিল অনেক বেশি।
নয়ানগর গ্রামের চাষিরা জানালেন, গত বছর মোটা পান প্রতি পোয়া ৪ হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম কমে প্রায় ১ হাজার ২০০ টাকা। আর চিকন পান মাত্র ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। শ্রমিক মজুরি প্রতি পোয়া ২০০ টাকা হওয়ায় অনেক সময় তো পানের গাদি বাজারে ফেলে আসতেও হয়।
চাষিরা বলছেন, পান চাষে খৈল, বাঁশসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে খরচ অনেক বেড়েছে, কিন্তু বাজারে সেই অনুসারে দাম পাচ্ছেন না তারা। অন্যদিকে, এক বিঘা জমিতে পান চাষের খরচ প্রায় তিন লাখ টাকা হলেও বিক্রি থেকে খরচ উঠানো কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া পান বরজে কাজ করা শ্রমিকরাও মজুরি না পেয়ে সমস্যায় পড়ছেন। শ্রমিক সিরাজুল বলেন, মজুরি তুলনায় বিক্রির দাম সমান হওয়ায় আয় করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪০ হেক্টর জমিতে পান চাষ হয়। কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া হচ্ছে, তবে পানের দাম নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্ব। বাজার ব্যবস্থায় সংস্কার হলে কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন।
মতামত দিন