কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসে বিক্রির চিন্তা উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

কৃষকের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে খোলা বাজারে বিক্রি (ওএমএস) ব্যবস্থায় আলু সরবরাহের পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন উদ্যোগের কথা জানান অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, "এবার কৃষকরা আলুর ভালো দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে ওএমএসের মাধ্যমে সেই আলু বাজারে  আনা যায়। কৃষক যদি দাম না পায়, তারা ভবিষ্যতে আর আলু চাষে আগ্রহী হবে না।"

পেঁয়াজের বাজার নিয়েও কথা বলেন কৃষি উপদেষ্টা। তার ভাষ্য, কৃষকদের অতিরিক্ত উৎপাদনের ফলে চলতি মৌসুমে আমদানি ছাড়াই বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

সারের ডিলারশিপ ও লাইসেন্স বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, “আগে যারা লাইসেন্স নিয়ে ঝামেলা করেছিল, তাদের বাদ দেওয়া হচ্ছে। নতুনদের ক্ষেত্রে যোগ্যতা বিচার করেই লাইসেন্স দেওয়া হবে। রাজনৈতিক বিবেচনায় আর কেউ ডিলারশিপ পাবে না।  একটি স্বচ্ছ নীতিমালা তৈরির কাজ চলছে।”

সারের ঘাটতির বিষয়ে প্রশ্নে তিনি দাবি করেন, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং নভেম্বর পর্যন্ত কোনো সংকট হবে না। বিশ্ববাজারে সারের দাম বৃদ্ধি পাওয়ায় বিকল্প উৎস থেকে কম দামে আমদানির জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি মৌসুমে সংরক্ষণের ঘাটতি এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা আলু বিক্রি করতে না পেরে ময়লার ভাগাড়ে ফেলে দিচ্ছেন। অনেক এলাকায় লোকসান গুনে হতাশ কৃষকরা অভিযোগ করেছেন, স্থানীয় কৃষি  দপ্তরের কাছ থেকেও তাঁরা প্রয়োজনীয় সহায়তা পাননি।

মতামত দিন