কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

বান্দরবানে জনপ্রিয়তা পাচ্ছে রাংগোয়াই আম।

নিজস্ব প্রতিবেদক:

জুম চাষের পাশাপাশি বান্দরবানে দিন দিন বিস্তৃত হচ্ছে পাহাড়ি জাতের স্থানীয় আম ‘রাংগোয়াই’-এর বাণিজ্যিক চাষ। চাষে কম খরচ, পরিচর্যায় সহজতা এবং স্বাদে আলাদা হওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে এই আমকে ঘিরে।

রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর উপজেলার অনেক পাহাড়ি এলাকাজুড়ে এখন দেখা যাচ্ছে রাংগোয়াই আমের বাগান। বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই পাহাড়ি আম।

চাষিদের অভিজ্ঞতা

চাষিরা বলছেন, বর্তমানে রাংগোয়াই আম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। চিম্বুক এলাকার সিনক্র ম্রো বলেন, “এই আম চাষে ঝামেলা কম, খরচও তুলনামূলকভাবে অনেক কম। এবার ফলন ভালো, দামও খারাপ না। আমাদের আয় ভালোই হচ্ছে।”

ফ্লাওয়ার বম নামের এক নারী চাষি জানান, “আচার আর চাটনির জন্য রাংগোয়াই আমের কদর বেশি।  তাই পাইকাররা নিজেরাই এসে বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। এতে আমাদের বিক্রিও সহজ হয়।”

চাষের পরিমাণ ও সরকারি তথ্য

বান্দরবান কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলার ৭ হাজার ১৬৭ হেক্টর জমিতে এই জাতের আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

জেলা কৃষি বিভাগের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ বলেন, “রাংগোয়াই আম এখানে খুবই সম্ভাবনাময় একটি ফল। তবে অনেকেই পরিচর্যায় গাফিলতি করেন। আমরা কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছি।”

স্বাদে আলাদা, দামে সুলভ

দেশীয় বাজারে রাংগোয়াই আমের আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। দাম তুলনামূলকভাবে কম হলেও স্বাদে উৎকৃষ্ট হওয়ায় ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতাও বাড়ছে। এতে করে বান্দরবানের কৃষকদের জন্য এটি একটি লাভজনক ফসল হিসেবে পরিণত হচ্ছে।

মতামত দিন