কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

রাজশাহীতে আমের বাজারে ধস, ক্ষতির মুখে চাষি ও ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর আমবাজারে চলতি মৌসুমে ব্যাপক দরপতন ঘটেছে। প্রচণ্ড গরমে একসাথে সব আম পাকতে শুরু করায় হাটে আমের সরবরাহ বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা কম।
ফলে বাজারে আমের দর ধসে পড়েছে।

সোমবার (১৬ জুন) রাজশাহীর বানেশ্বরসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, আমের মণপ্রতি দাম কমেছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট ব্যবসায়ী ও বাগান মালিকরা।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন,“গাড়ি বোঝাই আম নিয়ে হাটে এসে বিক্রি করে লেবারের খরচই ওঠে না।যা আয় হয়, তাও গাড়ি ভাড়ায় শেষ।”

আরেক ব্যবসায়ী জানান, “ভীষণ গরমে মানুষ আম খেতে আগ্রহী না। তাই চাহিদা নেই, কিন্তু গাছে আম পাকছে দ্রুত। ফলে বাধ্য হয়ে নামাতে হচ্ছে, দামও পড়ছে কম।”

রাজশাহীর আমের বৃহৎ বাজার বানেশ্বরে লক্ষণভোগ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, যেখানে কয়েকদিন আগেও তা ছিল প্রায় ১ হাজার টাকা। হিমসাগরের দাম নেমে এসেছে ১৬০০ থেকে ২০০০ টাকায়,যা স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম।

বাগান মালিকদের অভিযোগ, ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে অনেকে গাছ থেকে আম সংগ্রহে বিলম্ব করেন। এখন হঠাৎ করে সব আম একসাথে পেকে যাওয়ায় তারা বাজারে ঢালতে বাধ্য হচ্ছেন। এতে হাটে সরবরাহ বেড়ে গেছে, কিন্তু পর্যাপ্ত ক্রেতা নেই।

পাইকাররা এ সুযোগে প্রতিমণে অতিরিক্ত আট কেজি করে ওজন নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।এতে চাষিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি শিগগির স্বাভাবিক না হলে আমচাষ ও বিপণনে বড় ধরনের ক্ষতি হতে পারে।

মতামত দিন