কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

চাল ও ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, বাড়ছে খাদ্য সহায়তা কর্মসূচিও।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

চলতি বোরো মৌসুমে চাল ও ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় উপদেষ্টা জানান, দেশে বর্তমানে মোট খাদ্য মজুত ১৫ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। চলতি বোরো মৌসুমে সরকার ১৪ লাখ টন চাল এবং ৩ লাখ ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, মাঠপর্যায়ের সক্রিয় অংশগ্রহণ এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে পারলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

সভায় খাদ্য সহায়তা কর্মসূচির সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন আলী ইমাম মজুমদার। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবার বছরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাচ্ছে। আগামী অর্থবছরে এই সুবিধা ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হবে এবং ছয় মাসব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে।

এ সময় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ধান-চাল সংগ্রহে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতামত দিন