কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

নওগাঁয় গুটি আম সংগ্রহ শুরু, হাটে জমেনি বেচাকেনা।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুযায়ী বৃহস্পতিবার (২৩ মে) থেকে নওগাঁয় গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। তবে প্রথম দিনই হাটগুলোতে ছিল না তেমন ভিড় বা বেচাকেনা।
শহরের কাঁচাবাজার সংলগ্ন পাইকারি বাজার ও সাপাহার আমের হাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার অনুপস্থিতি।

সাপাহার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন জানান, বাণিজ্যিক বাগানগুলোতে এখনো আম পাড়া শুরু হয়নি। গুটি আম কম পরিমাণে বাজারে আসছে এবং তা ৮০০ থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা থেকে আসা গোপালভোগ ও হিমসাগর আম বিক্রি হচ্ছে ২৮০০ টাকা মণে।

প্রথম দিনেই ৪৮ কেজিতে মণ ধরে আম কেনাবেচা শুরু হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা।  এই নতুন নিয়ম অনুযায়ী ক্যারেটসহ ৪৮ কেজিকে এক মণ ধরা হয়েছে, যেখানে ৩ কেজি ক্যারেট ও ৫ কেজি ঢলতা হিসাবে গণ্য করা হচ্ছে।

জেলা প্রশাসক আবদুল আউয়াল জানান, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত নিষিদ্ধ। পরিবহন ও বাজারে রাসায়নিক ব্যবহার ঠেকাতে থাকবে বিশেষ নজরদারি।

আগামী ২৮ মে থেকে গোপালভোগ, ২ জুন হিমসাগর, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৮ জুন আম্রপালি এবং ২৫ জুন থেকে ফজলি আম বাজারে আসবে। তখন নওগাঁর হাটগুলোতে আমের বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন