রাজশাহীতে আম সংগ্রহ শুরু, ৬০ হাজার টন আম থেকে পাল্প তৈরি করবে প্রাণ।
সারা বছর ম্যাংগো ড্রিংক ও জুস উৎপাদনের লক্ষ্যে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
প্রাণ জানিয়েছে, চলতি মৌসুমে চুক্তিভিত্তিক ১২ হাজার আমচাষির কাছ থেকে প্রায় ৬০ হাজার টন আম সংগ্রহ করে পাল্প উৎপাদন করা হবে। রাজশাহীর পাশাপাশি নাটোরের একডালা কারখানাতেও পাল্পিং কার্যক্রম চলছে।
চাষিদের কাছ থেকে মূলত গুটি ও আশ্বিনা জাতের আম সংগ্রহ করা হচ্ছে। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরাসহ আম উৎপাদনে সমৃদ্ধ জেলাগুলো থেকে সরবরাহ আসছে।
প্রাণ কর্তৃপক্ষ জানায়, পাল্প উৎপাদনের আগে প্রতিটি আম পোকা-মাকড়, পচন ও ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষার জন্য ল্যাব বিশ্লেষণ করা হয়। পরে আধুনিক যন্ত্রের মাধ্যমে পাল্প তৈরি করে অ্যাসেপটিক ব্যাগে সংরক্ষণ করা হয়, যা সারা বছর ব্যবহৃত হয় জুস উৎপাদনে।
এই পাল্প ব্যবহার করে দেশের বাজারের পাশাপাশি বিশ্বের ১৪৫টি দেশে প্রাণের ম্যাংগো ড্রিংক ও জুস রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, কাঁচামালের মান বজায় রাখতে কৃষকের প্রশিক্ষণ ও সহায়তায় গুরুত্ব দেওয়া হয়।
খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে জুস ও ফ্রুট ড্রিংকের বাজার বর্তমানে প্রায় ১৫০০ কোটি টাকার এবং এই বাজার প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে।
প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “আমরা এমন অঞ্চলে কারখানা স্থাপন করেছি,যেখান থেকে সরাসরি গুণগতমানের আম সংগ্রহ সম্ভব। এতে কৃষকরাও উপকৃত হচ্ছেন, পাশাপাশি ভোক্তারাও পাচ্ছেন নির্ভরযোগ্য পণ্য।”

মতামত দিন