রাজশাহীর বাজারে গোপালভোগের আনুষ্ঠানিক আগমন, দাম পড়ে সন্তুষ্ট ভোক্তা।
রাজশাহীর আমের মৌসুমে শুরু হয়েছে জনপ্রিয় জাত গোপালভোগের সরবরাহ। জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুসরণ করে বৃহস্পতিবার (২২ মে) থেকে বাগানিরা পুরোদমে গোপালভোগ আম বাজারজাত শুরু করেছেন।
এদিন রাজশাহীর বানেশ্বর বাজারে গোপালভোগ আম প্রতি মণ বিক্রি হয়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। গত বছরের তুলনায় এই দাম কিছুটা কম, যা স্বস্তির কারণ হয়ে উঠেছে ক্রেতাদের জন্য।
আম বিক্রেতা সাগর হোসাইন জানান, “গত বছর মৌসুমের শুরুতে প্রতি মণ গোপালভোগ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এবার তুলনামূলকভাবে দাম অনেকটাই সহনীয়।”
বাজারে আম কিনতে আসা রবিউল ইসলাম বলেন, “এখন প্রতি কেজি গোপালভোগ ৪৫ থেকে ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে। মৌসুমজুড়ে এ দামে আম পাওয়া গেলে সাধারণ মানুষের জন্য দারুণ হবে।”
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী,১৫ মে থেকে চাষিরা গুটি জাতের আম পাড়ার অনুমতি পান।এরপর ধাপে ধাপে অন্যান্য জাতের আম বাজারে আসছে। গোপালভোগের পর আশাপ্রদভাবে আসবে লক্ষণভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি।
রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী,চলতি মৌসুমে জেলার ১৭ হাজার ৫৭৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭৮ টন।
জেলা প্রশাসনের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুসরণ করে নির্ধারিত সময়ে আম পাড়া ও বাজারজাতকরণের ফলে একদিকে যেমন ভোক্তারা পাচ্ছেন নিরাপদ আম, অন্যদিকে অসময়ে পাড়া ও কেমিক্যাল ব্যবহারে পাকানোর প্রবণতা রোধ সম্ভব হচ্ছে।
গোপালভোগের আগমন রাজশাহীর আম মৌসুমে একটি গুরুত্বপূর্ণ সূচনা। বাজারে আমের সরবরাহ আরও বাড়লে দাম আরও সহনীয় হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন