ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আজ ১৭ রমজান,ঐতিহাসিক বদরযুদ্ধের দিন।

নিজেস্ব প্রতিবেদক:

আজ ১৭ রমজান। হিজরি ২য় বর্ষের এই দিনে মদিনার কাছাকাছি বদর প্রান্তরে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে প্রথম বড় যুদ্ধ সংঘটিত হয়, যা ‘বদরযুদ্ধ’ নামে ইতিহাসে চিহ্নিত।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নেতৃত্বে মুসলিমরা এই যুদ্ধে বিজয় লাভ করে।

যুদ্ধের পটভূমি:
মদিনায় মুসলমানরা রাষ্ট্র গঠনের পরও কুরাইশদের প্রতিকূলতা থামেনি। কুরাইশরা মদিনার উপকণ্ঠে লুটতরাজ চালিয়ে মুসলমানদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করেছিল। এর আগে নাখলা খণ্ডযুদ্ধে মুসলিমরা কুরাইশ কাফেলা আক্রমণ করেছিল, যা কুরাইশদের ক্ষুব্ধ করেছিল। এছাড়া আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করেছিল।

যুদ্ধে বাহিনী ও সামরিক পার্থক্য:
কুরাইশ বাহিনী ছিল ১ হাজার সৈন্য, ১০০ ঘোড়া ও ১৭০ উটসহ সুসজ্জিত। মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন, ২টি ঘোড়া ও ৭০টি উট নিয়ে। সামরিক সরঞ্জামের দিক থেকে সম্পূর্ণ অসম লড়াই হলেও মুসলিমদের বিজয় নিশ্চিত হয়। কুরাইশদের ৭০ জন নিহত ও সমান সংখ্যক বন্দি হয়, মুসলিম শহীদের সংখ্যা মাত্র ১৪।

মহানবীর কৌশল ও আল্লাহর সাহায্য:
বদর প্রান্তরে মহানবী (সা.) কৌশলগতভাবে কুরাইশদের কাছে শিবির স্থাপন করেন এবং পানির উৎস দখল করেন। মল্লযুদ্ধ শুরুতে মুসলিম বীর হামজা, আলী ও উবাইদা কুরাইশ নেতাদের পরাজিত করেন। যুদ্ধে মুসলিমরা আল্লাহর প্রতি ভরসা রেখে লড়াই চালিয়ে যান। যুদ্ধের একপর্যায়ে মহানবী (সা.) আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, তুমি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূর্ণ করো।’ পবিত্র কোরআনের সুরা আনফালে উল্লেখ আছে যে, আল্লাহ সেই দিন আকাশ থেকে ফেরেশতাদের সাহায্য পাঠান।

বদর যুদ্ধের প্রভাব:
সামরিক বিজয়ের পাশাপাশি বদর যুদ্ধের রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবও ব্যাপক। কুরাইশদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়, বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে এবং অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়। মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস ও ঐক্য দৃঢ় হয়, ইসলামের প্রসার ও মদিনার মুসলিম রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হয়।

বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ইতিহাসে ইসলামের অবস্থানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ ঘটনা।

মতামত দিন