ইসলামের আলো
ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ১৮ মার্চ বুধবার চাঁদ দেখার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম।

তার মতে, ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে থাকতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এই হিসাব অনুযায়ী ২০ মার্চ শুক্রবার থেকেই শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি, আর সে দিনই মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আল জারওয়ান আরও আশা প্রকাশ করেছেন, আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এবার বিশ্বের বহু মুসলিম দেশ একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।

তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই প্রতিটি দেশের নিজস্ব কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই ধারাবাহিকতায় যদি ২০ মার্চ মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ও সম্ভাব্য তারিখ হিসেবে ২১ মার্চ ধরে ঈদের ছুটির সূচি নির্ধারণ করেছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাসের সঙ্গে মিলছে।

মতামত দিন