ইসলামের আলো
ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরির সাদাকাতুল ফিতরের হার ঘোষণা, জনপ্রতি কত?

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি চলতি ১৪৪৭ হিজরিতে সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করেছে। এই বছর প্রতি মুসলিমের জন্য সর্বনিম্ন ফিতরা নির্ধারিত হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই হার সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়। কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ ফিতরার হার ঘোষণা করেন।

শরিয়াহ অনুযায়ী, সামর্থ্যবান মুসলিমরা আটা, যব, খেজুর, কিসমিস বা পনির—এই যে কোনো একটির নির্দিষ্ট পরিমাণ বাজারমূল্য ফিতরা হিসেবে দিতে পারবেন। নির্ধারিত হার অনুযায়ী:

  • আটা: ১ কেজি ৬৫০ গ্রাম, বাজারমূল্য অনুযায়ী সর্বনিম্ন ১১০ টাকা

  • যব: ৩ কেজি ৩০০ গ্রাম, ফিতরা ৫৯৫ টাকা

  • খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম, ফিতরা ২৪৭৫ টাকা

  • কিশমিশ: ৩ কেজি ৩০০ গ্রাম, ফিতরা ২৬৪০ টাকা

  • পনির: ৩ কেজি ৩০০ গ্রাম, সর্বোচ্চ ফিতরা ২৮০৫ টাকা

স্থানীয় বাজারে পণ্যের দাম অনুযায়ী ফিতরা আদায় করলেও তা শরিয়তসম্মত হবে। শরিয়াহ অনুযায়ী, ঈদের দিন সুবহে সাদিকের সময় যার কাছে নেসাব পরিমাণ সম্পদ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্য) থাকবে, তার ওপর নিজের ও পরিবারের সদস্যদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব।

ঈদের নামাজের আগে ফিতরা গরিব ও দুঃখীদের মধ্যে বিতরণ করা উচিত। চাঁদ দেখা সাপেক্ষে, পবিত্র ঈদুল ফিতর চলতি বছর ২০ বা ২১ মার্চ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন