ইসলামের আলো
ছবি: সংগৃহীত

সৌদি আরবে নতুন প্রাতিষ্ঠানিক ফতোয়াবোর্ড গঠন,মক্কার সরকারি মুফতি হলেন কাবার ইমাম বান্দার বালিলাহ

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে ধর্মীয় সিদ্ধান্ত ও ফতোয়া প্রদানের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে দেশজুড়ে নতুন ফতোয়া বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি দেশের জ্যেষ্ঠ আলেমদের সমন্বয়ে পরিচালিত হবে, যার লক্ষ্য ধর্মীয় নির্দেশনার স্বচ্ছতা ও বৈজ্ঞানিক ভিত্তি নিশ্চিত করা।

নতুন কাঠামোর অংশ হিসেবে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বক্তব্য, মধ্যপন্থী ও যাচাইকৃত ইসলামী নীতির ভিত্তিতে দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য ফতোয়া প্রদান আরও নির্ভরযোগ্য ও সহজলভ্য করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শায়খ বান্দার বালিলাহকে ‘জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা’-এর মক্কা শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলের ফতোয়া প্রদানের দায়িত্বে থাকবেন, যা হজ ও উমরাহ পালনকারী সহ দেশি-বিদেশি মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক ভিত্তিতে দায়িত্ব বণ্টনের জন্য আরও সাতজন প্রখ্যাত আলেমকে বিভিন্ন প্রদেশে দায়িত্ব প্রদান করা হয়েছে। নিযুক্ত আলেমদের মধ্যে রয়েছেন:

  • শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার (মদিনা মুনাওয়ারা)

  • শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ (আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস)

  • শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি (আসির ও জিজান)

  • শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি (আল-বাহা ও নাজরান)

  • শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর (কাসিম ও হাইল)

  • শায়খ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা (ইস্টার্ন প্রভিন্স)

  • শায়খ ড. আবদুল্লাহ বিন আল-জুবায়রি (তাবুক অঞ্চল)

প্রতিষ্ঠানটি আশা করছে, নতুন বোর্ডের মাধ্যমে সৌদি নাগরিক ও প্রবাসীরা তাদের অঞ্চলে দ্রুত এবং নির্ভরযোগ্য ধর্মীয় পরামর্শ ও ফতোয়া পাবেন। পাশাপাশি, অপ্রাতিষ্ঠানিক বা বিভ্রান্তিকর ফতোয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। কর্তৃপক্ষ এটিকে দেশের ধর্মীয় শৃঙ্খলা ও সংস্কারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ইসলামি নীতির আলোকে প্রাতিষ্ঠানিকভাবে ফতোয়া প্রদান নিশ্চিত করা হবে এবং ধর্মীয় গবেষণা ও শিক্ষা আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে মক্কা অঞ্চলের মুসল্লিদের সুবিধার্থে ফতোয়া প্রাপ্তি সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন