ইসলামের আলো
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত আজ।

নিজেস্ব প্রতিবেদক:

মুসলমানদের কাছে অন্যতম তাৎপর্যপূর্ণ রাত লাইলাতুল বরাত পালিত হচ্ছে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতকে ধর্মপ্রাণ মুসলমানরা নাজাত বা মুক্তির রজনী হিসেবে গুরুত্ব দিয়ে থাকেন।

এই রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে রাতটি কাটান তারা। অতীতের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যৎ জীবনের শান্তি ও কল্যাণ কামনাই থাকে এ রাতের মূল প্রতিপাদ্য।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে মানুষের আগামী বছরের রিজিক, জীবনকাল ও আমল নির্ধারিত হয়। তাই আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা শবে বরাতে বিশেষ ইবাদতে অংশ নেন। অনেকেই এ রাতে কবর জিয়ারতের মাধ্যমে মৃত স্বজনদের জন্য দোয়া করেন।

শবে বরাতকে পবিত্র রমজানের আগমনী বার্তাবাহক হিসেবেও বিবেচনা করা হয়। শাবান মাসের পরেই শুরু হয় সিয়ামের মাস রমজান, ফলে এই রাত থেকেই অনেকের মধ্যে আত্মশুদ্ধি ও প্রস্তুতির মানসিকতা তৈরি হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মতামত দিন