ইসলামের আলো
ছবি: সংগৃহীত

রমজানের চাঁদ দেখা নিয়ে নতুন হিসাব, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সময় জানাল আইএসি।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসকে ঘিরে চাঁদ দেখার সম্ভাব্য সময় নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটির মতে, আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যাস্তের পর রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইএসি জানায়, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজানের চাঁদের গঠনপ্রক্রিয়া প্রায় সম্পন্ন হলেও ওই দিন চাঁদটি খালি চোখে দেখার মতো অবস্থায় থাকবে না। ফলে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।

আইএসির পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের আকাশে খুব স্বল্প সময়ের জন্য—প্রায় এক মিনিট—রমজানের নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। এ কারণেই ওই দিনকেই চাঁদ দেখার জন্য সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সুযোগ থাকতে পারে। তবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই দিন চাঁদটি দৃশ্যমান হওয়ার মতো অবস্থানে থাকবে না। ফলে ১৭ ফেব্রুয়ারিতে চাঁদ দেখার সম্ভাবনা কার্যত বাতিল বলে মনে করছে সংস্থাটি।

রমজান মাসে মুসলমানরা সিয়াম পালন করেন, যা ইসলাম ধর্মের একটি মৌলিক বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মাসজুড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং আত্মসংযম ও ইবাদতে মনোনিবেশ করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

রমজান শেষ হওয়ার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে উদযাপিত হয় ঈদুল ফিতর। এই উৎসবের মধ্য দিয়েই এক মাসব্যাপী রোজা ও ইবাদতের সময়কাল শেষ হয়।

চাঁদ দেখার ক্ষেত্রে বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের সময়সূচির এক দিন পর এগিয়ে চলে। সে বাস্তবতায় আইএসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২০ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন