হজ ভিসার সময়সীমা নির্ধারণ, ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদ বাধ্যতামূলক।
২০২৬ সালের হজ পালনে ইচ্ছুক নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত এই প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ মার্চের মধ্যে সৌদি হজ ভিসার আবেদন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ভিসার আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি এবং তা চলবে ২০ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর সৌদি সরকারের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।
এ অবস্থায় প্রবাসে অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদন শেষ করার তাগিদও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, চলতি বছরের হজে ফিটনেস সনদ ছাড়া কোনো যাত্রীকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
মতামত দিন