ইসলামের আলো
ছবি: সংগৃহীত

রমজানে মক্কা-মদিনায় ইতেকাফে বসতে মানতে হবে বাড়তি শর্ত।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন রমজানকে সামনে রেখে সৌদি আরবে মসজিদে ইতেকাফ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এবার থেকে সৌদি নাগরিক নন—এমন বাসিন্দাদের মসজিদে ইতেকাফে অংশ নিতে হলে স্পনসর বা কাফিলের লিখিত অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ইতেকাফ পালনে আগ্রহী সবাইকে আগেভাগে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। এই বিধান সৌদি নাগরিক ও প্রবাসী—উভয়ের জন্যই কার্যকর হবে।

তবে প্রবাসীদের জন্য আলাদা একটি শর্ত যুক্ত করা হয়েছে। তাদের নিজ নিজ কাফিল বা স্পনসরের লিখিত সম্মতিপত্র জমা না দিলে নিবন্ধন অনুমোদন দেওয়া হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ইকামা ও আবাসিক আইন মেনে এই নিয়ম বাস্তবায়ন করা হচ্ছে।

নিবন্ধনের সময় আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য যাচাই করবে মসজিদ প্রশাসন। যাচাই শেষে অনুমতি মিললেই কেবল ইতেকাফে বসার সুযোগ পাওয়া যাবে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা দেশের সব মসজিদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। এর আওতায় থাকবে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিও, যেখানে রমজানের শেষ দশ দিনে প্রতিবছর বিপুলসংখ্যক মুসল্লি ইতেকাফে অংশ নেন।

নতুন এই ব্যবস্থার লক্ষ্য হিসেবে শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং মসজিদ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন