ইসলামের আলো
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজযাত্রীদের জন্য ৮০ টিকাদান কেন্দ্র নির্ধারণ।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের টিকাদানের প্রস্তুতি শুরু করেছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সারাদেশে হজযাত্রীদের জন্য নির্ধারিত টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।


শনিবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট ৮০টি স্থানে হজযাত্রীদের প্রয়োজনীয় টিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা পর্যায়ে ৬৪টি সিভিল সার্জন কার্যালয় থেকে টিকা নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি ঢাকা মহানগরীতে বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে। এসবের মধ্যে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুর সদর হাসপাতাল উল্লেখযোগ্য।

টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিকা নিতে আসার সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ডাউনলোড করা ই-হেলথ কপির প্রিন্ট সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মতামত দিন